বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্বের বিষয়টি যুক্তরাষ্ট্র আবারও পুনর্ব্যক্ত করেছে। মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি আর শারমেন গতকাল শুক্রবার ওয়াশিংটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানিয়েছেন। এই বৈঠকে যে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গটি আলোচনায় এসেছে, তা আজ শনিবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়।